ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সোনামসজিদ বন্দর

ভারতীয় ট্রাকচালকদের অবস্থানের নির্দেশ ঘিরে পণ্য আমদানি বন্ধ

ভারতীয় ট্রাকচালকদের অবস্থানের নির্দেশ ঘিরে পণ্য আমদানি বন্ধ
×
×

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০২:৪৯

বাংলাদেশ কাস্টমসের পক্ষ থেকে নতুন নির্দেশনা জারির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে সব ধরনের পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ ট্রাক পাঠানো বন্ধ রাখায় এই অচলাবস্থার সৃষ্টি হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. কামাল হোসেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত বন্দর দিয়ে কোনো ভারতীয় ট্রাক প্রবেশ করেনি।

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকের চালক ও সহকারীরা সাধারণত রাতে ভারতে ফিরে যেতেন। কিন্তু পরে বাংলাদেশে পুনরায় প্রবেশের সময় তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য বহনের অভিযোগ ওঠে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকজন আটকও হন। এই পরিস্থিতি এড়াতে কাস্টমস কর্তৃপক্ষ নিয়ম করে দেয় যে, পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় চালক ও সহকারীদের বন্দরের ভেতরেই অবস্থান করতে হবে অথবা খালি ট্রাক নিয়ে তখনই ভারতে ফিরে যেতে হবে। এর প্রতিবাদেই ভারতীয় ট্রাকচালকরা সোনামসজিদে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছেন।

পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. কামাল হোসেন আরও জানান, সম্প্রতি কাস্টমসের পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয় যে, পণ্য খালাসের পর চালক ও সহকারীরা খালি ট্রাক নিয়ে সঙ্গে সঙ্গে ভারতে ফিরে যাবেন অথবা বন্দরেই অবস্থান করবেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে ভারতীয় পক্ষ পণ্যবাহী ট্রাক পাঠানো স্থগিত করে। বর্তমানে ভারতের মোহন্দীপুর অংশে পণ্য নিয়ে অন্তত ৫০০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে। অন্যদিকে বন্দরের অভ্যন্তরে ২৪০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং এর চালক-সহকারীরা অবস্থান করছেন। পণ্য খালাস শেষে তারা ট্রাক নিয়ে ভারতে ফিরে যাবেন। উদ্ভূত এই জটিলতা নিরসনে সংশ্লিষ্ট অংশীজন ও দুই দেশের কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন

×