ঠাকুরগাঁও উপনির্বাচন
ফল প্রত্যাখ্যান করে জামায়াতের বিক্ষোভ আজ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:০৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও-১ (সদর, ভুল্লী ও রুহিয়া) আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান করেছে দলটি। এসবের প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর মাঝেই গতকাল শুক্রবার সকালে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেওয়ায় আসনটি শূন্য হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেনকে পরাজিত করে বিপুল ভোটে জয়লাভ করেন। অপর তিন প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত
আন্দোলনের আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পর্যাপ্ত ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় ঠাকুরগাঁও শহরে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দেলাওয়ার হোসেন। সেখানে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি ফল প্রত্যাখ্যান করেন।
রাতেই ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে যান দেলাওয়ার হোসেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোটে অনিয়ম, জালভোট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সভা-সমাবেশ করা যাবে না। তাই আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবারের কর্মসূচি পিছিয়ে শনিবার বিকেল সাড়ে ৪টায় নির্ধারণ করা হয়েছে।’
এদিকে, নির্বাচনের পরদিন গতকাল শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। এ সময় তারা কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন আহত নেতাকর্মীদের খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
- বিষয় :
- উপনির্বাচন
- বিক্ষোভ
- জামায়াত