ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

প্রতারণা করতে ঢাকা থেকে নওগাঁ গিয়ে ছেলেসহ আটক এসআই

প্রতারণা করতে ঢাকা থেকে নওগাঁ গিয়ে ছেলেসহ আটক এসআই
×

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০ | ০৯:৪৪

নওগাঁর বদলগাছীতে প্রতারণা করতে গিয়ে পুলিশের এক এসআইসহ আরো ৩ যুবক আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশ তাদের আটক করে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ঢাকা রিজাভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৫০), তার ছেলে রকি (২৫), ছেলের বন্ধু সোহাগ (২৪) ও পারভেজ (২৫)। সোহাগ ও পারভেজের পূর্ণাঙ্গ ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা রিজাভ পুলিশের এসআই গোলাম মোস্তফা ছেলে ও ছেলের বন্ধুদের নিয়ে থানায় আসেন। বদলগাছী থানার ওসি জোবায়ের হোসেনের কাছে ডিবি পরিচয় দেন তারা। অভিযান চালানোর নামে থানা পুলিশের সহায়তা চাইলে ওসি জোবায়ের হোসেনের মনে সন্দেহ বাসা বাধে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি। পরে ঘটনা খতিয়ে দেখে প্রতারণার বিষয়টি ধরা পরে। তখন তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ডিবির পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, গোলাম মোস্তফা ইতোপূর্বে নওগাঁ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বদলগাছী থানায় কিছু দিন দ্বায়িত্ব পালন করেছেন। নওগাঁয় থাকাকালে স্থানীয়দের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। সেই সূত্র ধরে ‘ত্বক্ষক’ নামে একটি প্রাণি বেচা-কেনার প্রতারণা করতে আসেন শুক্রবার। আটকের পর গোলাম মোস্তাফা বিষয়টি স্বীকার করেছেন পুলিশের কাছে।

তবে ‘ত্বক্ষক প্রতারণা’ নাকি ডিবি পরিচয় দেয়ার পেছনে আরো অন্য কোন বিষয় লুকিয়ে আছে সেটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান এসপি আব্দুল মান্নান।  

আরও পড়ুন

×