ট্রেন দুর্ঘটনায় ১৬ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা
ছবি: ফোকাস বাংলা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০০:০৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০০:৩১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে স্টেশন মাস্টার জাকের হোসেন বাদী হয়ে জিআরপি থানায় এ মামলা করেন।
আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে চালককে দায়ী করা হচ্ছে।
নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নাম-পরিচয়হীন এক নারীর লাশ কুমিল্লায় হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের ঢাকা, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতের প্রায় সবাই উদয়ন এক্সপ্রেসের যাত্রী।
হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রেল চালকদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রেল চালকদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে তুর্ণা নীশিথার চালক, সহকারী চালককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৫টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। কমিটি আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবে বলে তিনি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এদিকে দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে জনপ্রতি ১ লাখ টাকা ও আহতদের ১০ হাজার টাকার ক্ষতিপূরণসহ প্রতিটি লাশ দাফনে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার পুরো ব্যয়ভার বহনের কথা জানান মন্ত্রী।
