নুসরাত হত্যা: যৌন নির্যাতন মামলার সাক্ষ্যগ্রহণ ২৯ জানুয়ারি
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৯:৫৪
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ ২৯ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বাদী নুসরাতের মা শিরিন আক্তার বুধবার আদালতে উপস্থিত না থাকায় আদালত নতুন দিন ধার্য করেছেন। এই মামলার একমাত্র আসামি নুসরাত হত্যার হুকুমের আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা।
আদালত সূত্র জানায়, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার বাদী ও
নুসরাতের মা শিরিন আক্তারের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল গতকাল। সাক্ষী
আদালতে উপস্থিত না থাকায় বিচারক মামুনুর রশিদ সাক্ষ্যগ্রহণের তারিখ ২৯
জানুয়ারি পুনর্নির্ধারণ করেন। ইতোমধ্যে গত ২৪ অক্টোবর একই আদালত নুসরাত
হত্যার ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। হত্যা মামলাটি বর্তমানে উচ্চ আদালতে
বিচারাধীন।
চলতি বছরের ২৭ মার্চ আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা তার কক্ষে নুসরাতকে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার অধ্যক্ষকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন।
ফেনী আদালতের পিপি হাফেজ আহাম্মদ জানান, নুসরাত যৌন হয়রানির মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ৮ জুলাই ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সিরাজকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করে।
সিরাজ-উদ-দৌলা ও রুহুল আমিন কুমিল্লা কারাগারে
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জানান, ফেনীর নুসরাত হত্যা মামলার অন্যতম প্রধান
আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ
সিরাজ-উদ-দৌলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে বুধবার কুমিল্লা
কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ আহমেদ জানান, বুধবার বিকেল ৫টায় ফেনী জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
কুমিল্লার সিনিয়র জেল সুপার জাহানারা বেগম জানান, ফেনী কেন্দ্রীয় কারাগারে পৃথক কনডেম সেল ও ফাঁসির মঞ্চ না থাকায় নুসরাত হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে মঙ্গলবার ১২ জনকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
বুধবার ফেনী থেকে পাঠানো হলো অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও রুহুল আমিনকে। এ
ছাড়া বুধবার আরও দুই আসামি উম্মে সুলতানা পপি ও কামরুন নাহার মনিকে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- নুসরাত হত্যা
- ফেনী
