ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ড্রেনে পড়ে ছিল নৃত্য শিল্পীর লাশ

ড্রেনে পড়ে ছিল নৃত্য শিল্পীর লাশ
×

নিহত ময়ুরী -সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ০৭:২১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ | ০৭:২৫

ঢাকার সাভারে প্রতিবন্ধী এক নারী নৃত্য শিল্পীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সাভারের আড়াপাড়া এলাকার একটি ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত ওই নৃত্য শিল্পীর নাম ময়ুরী (২৫)। তিনি সাভারের কাঞ্চনপুর এলাকার তাহের মিয়ার মেয়ে। ময়ুরী শারীরিক প্রতিবন্ধী (বেটে) হলেও বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সংসার চালাতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাতে আড়াপাড়া এলাকায় একটি আশ্রমে কালিপূজার অনুষ্ঠানে নাচতে যান ময়ুরী। পরদিন বৃহস্পতিবার ভোরে আড়াপাড়া এলাকার একটি ড্রেনে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত ময়ুরীর পরিবারের অভিযোগ, ওই অনুষ্ঠানে নাচ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করেছে।

সাভার মডেল থানার এসআই সাফায়েদুর রহমান বলেন, কীভাবে ওই নৃত্য শিল্পীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×