নাটোর সদর হাসপাতালের কার্নিশে মিলল নবজাতকের লাশ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৩:০১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ | ০৩:০৩
নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডের জানালার কার্নিশের উপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা শিশু ও মেডিসিন ওয়ার্ডের জানালার কার্নিশে এক মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। এরপর চিকিৎসকরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধারের পর তদন্ত শুরু করে। একপর্যায়ে ওই মেসিডিন ওয়ার্ডে সুইটি নামের চিকিৎসাধীন এক নারী ওই নবজাতক তার বলে পুলিশের কাছে স্বীকার করেন।
হাসপাতাল পরিচালক ডা. আনসারুল হক জানান, সুইটি দু'দিন আগে মানসিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গত রাতের কোনো এক সময় তিনি বাথরুমে গিয়ে মৃত নবজাতক প্রসব করেন। এরপর হয়ত তিনি জানালা দিয়ে নবজাতকের লাশ বাইরে ফেলে দেন। ঘটনাটি তদন্ত করে দায়িত্ব পালনে অবহেলার জন্য দায়িত্বরত সেবিকাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সুইটি নামের ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রাতে প্রসব ব্যথা শুরু হলে তিনি বাথরুমে যান। সেখানে গিয়ে মৃত নবজাতক প্রসব করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নবজাতকের লাশ বিধি অনুযায়ী পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
