শেয়ালে খাচ্ছিল ‘পাগলের’ লাশ
প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১ | ০৬:১৩
মাস খানেক আগে ব্যস্ত মহাসড়কের পাশে ঝোপের মধ্যে আশ্রয় নেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। কারো সঙ্গে কোনো কথা বলতেন না। কিছু খেতে মন চাইলে সড়কের ওপর প্রান্তের দোকানে গিয়ে নির্দিষ্ট জিনিসের দিকে হাড্ডিসার শরীর নিয়ে তাকিয়ে থাকতেন।
বৃহস্পতিবার রাতে হঠাৎ রাতের বেলায় ঝোপে নাড়াচাড়া দেখে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে গিয়ে দেখেন শেয়ালে টেনে-ছিড়েঁ খাচ্ছে ‘পাগলের’ নিথর দেহ। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের আবদুল জব্বার ভূঁইয়ার ইটভাটা ও হেলাল সর্দারের বাড়ির মাঝামাঝি স্থানে মাস খানে আগে ঝোপের ভেতরে আশ্রয় নেন ওই ব্যক্তি। পাশের জমি থেকে কিছু খড় নিয়ে নিজের আশ্রয় তৈরি করেন। নিজের সঙ্গে থাকা একটি লুঙ্গি ও একটি গেঞ্জিই ছিলো প্রচণ্ড শীত মোকাবিলার একমাত্র উপায়। সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় রাস্তার পাশে অবস্থান করা লোকটিকে গত কয়েকদিন আগে একটি কম্বলের ব্যবস্থা করেন দেন উপজলো নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মজিবুর রহমান। প্রায়ই রাস্তার পাশে অবস্থান করা ব্যক্তিটির খোঁজখবর নিতেন মজিবুর রহমান।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীনের মতো ব্যক্তিটি রাস্তার পাশে পড়ে থাকলেও কারো সঙ্গে কোনো কথা বলতেন না। আশপাশের মানুষ কিছু কিছু খাবার দিতেন লোকটিকে। নিজের কিছু প্রয়োজন হলে নিজের আস্তানার অপর প্রান্তের দোকানের সামনে নির্দিষ্ট জিনিসে তাকিয়ে থাকলে উপস্থিত লোকজন কিনে দিতেন। কিন্তু গত ৭ থেকে ৮ দিন ধরে মানুষের দেওয়া কোনো কিছু খাচ্ছিলেন না তিনি। পরে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক মজিবুর রহমান লোকটির খবর নিতে যান।
মজিবুর রহমান বলেন, লোকটিকে দেখতে গিয়ে দেখেন ঝোপের ভেতরে নড়াচড়া। মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে এগিয়ে দিয়ে দেখেন শেয়াল টানাটানি করছে দেহটি। ডান হাতটিও ছিঁড়ে নিয়ে গেছে। ওই অবস্থায় বিষয়টি পুলিশকে জানান তিনি।
তিনি আরো বলেন, বিকেল পর্যন্ত লোকটি ভালো ছিল। ধারণা করা হচ্ছে সন্ধ্যার দিকে লোকটির মৃত্যু হয়ে থাকতে পারে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, স্থানীয়রা জানিয়েছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কিছুদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। শেয়ালে একটি হাত টেনে ছিঁড়ে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সুরতহালে ভিন্ন কিছুর আলামত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ব্যক্তিটির পরিচয় শনাক্ত হওয়া যায়নি।
- বিষয় :
- লাশ উদ্ধার
- শেয়াল
