তালাবদ্ধ ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:০০
দিনাজপুরের ফুলবাড়ীতে তালাবদ্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রফিকুল ইসলাম নামের (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্যসুলতানপুর গুচ্ছগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া রফিকুল ইসলাম একই এলাকার আব্দুস সাত্তার মন্ডলের দ্বিতীয় ছেলে। তিনি পেশায় একজন পিকঅ্যাপভ্যান চালক ছিলেন।
সরেজমিনে দেখা যায়, ঘরের বর্গার সাথে নাইলনের নতুন দড়িতে ঝুলছে রফিকুল ইসলামের লাশ। তার পরনে ছিল জ্যাকেট ও পায়ে সু। তালাবদ্ধ ঘরে লাশটি উদ্ধার হওয়ায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মারা যাওয়া রফিকুলের মেজ বোন আমেনা বেগম (৩৫) জানান, গত বুধবার স্ত্রী, দু সন্তানসহ মধ্যপাড়ায় শ্যালকের বিয়েতে যোগ দিতে যান রফিকুল। সেখানেই তার থাকার কথা ছিল। কিন্তু সকালে রফিকুলের বাড়ির উঠানে লাগানো সবজি গাছের দেখভাল করতে গেলে দরজার তালা দেখে তার সন্দেহ হয়। তখন তিনি ডাকাডাকি করলেও কারো সাড়া পাননি। পরে দরজার ফুটো দিয়ে ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
এলাকাবাসী জানায়, মারা যাওয়া রফিকুলের ফুফাত ভাই হামিদুল ইসলাম স্থানীয় এক সুদ কারবারির কাছে সুদের টাকা নিয়ে পরিশোধ করতে না পারায় নির্যাতনের শিকার হন। তখন তাকে বাঁচাতে সুদের প্রায় ৭০ হাজার টাকা পরিশোধের জামিনদার হন রফিকুল। এছাড়া তার নিজস্ব কিছু সুদের দেনাও রয়েছে। দাদন ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক মানুষ এলাকা ছাড়া হয়েছে বলেও অভিযোগ করেন এলাকাবাসি। এ পরিস্থিতিতে রফিকুলের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুপুরের মধ্যে লাশটি পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।
