‘মাতৃমৃত্যু ও জন্মহার নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে পরিবার পরিকল্পনা বিভাগ’
অনুষ্ঠানের একটি চিত্র।
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১ | ১১:৫৫ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ | ১১:৫৬
এমসিএইচ লাইন ডিরেক্টর ডা. মো. শরীফ বলেছেন, ‘দেশে মাতৃমৃত্যু ও জন্মহার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পরিবার পরিকল্পনা বিভাগ। রক্ষণশীল চট্টগ্রাম বিভাগে যারা এটি নিয়ে কাজ করছেন তাদের চ্যালেঞ্জও অনেক বেশি। তারপরও দেশের অন্যান্য বিভাগের তুলনায় অনেক বেশি সফল চট্টগ্রাম। এই সফলতার নেপথ্যে আছে পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী।’
শনিবার পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রামের উদ্যোগে উপ-পরিচালকদের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিদায়ী উপ-পরিচালক ডা. উ খ্যে উইন, কুমিল্লার বিদায়ী উপ-পরিচালক মাহবুবুল করিম, চট্টগ্রামের নতুন উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী, কুমিল্লার নতুন উপ-পরিচালক মো. আবুল কালাম, চট্টগ্রামের রিজিওনাল কনসালটেন্ট ছেহেলী নার্গিস, সহকারী পরিচালক বেগম সাহান ওয়াজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, ‘যারা বিদায় নিচ্ছেন তাদের অনেক ত্যাগ ও শ্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। নানা দুঃসময় সফলভাবে কাটিয়ে কর্মজীবনের ইতি টানছেন যারা তাদের জন্য শুভ কামনা। আর যারা নতুন দায়িত্ব পেয়েছেন তাদের মোকাবিলা করতে হবে নতুন চ্যালেঞ্জ। আশা করছি নতুনরাও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন কর্মস্থলে।’
চট্টগ্রাম জেলার বিদায়ী উপ-পরিচালক ডা. উ খ্যে উইন বলেন, ‘দারুণ কর্মপরিবেশ পেয়েছি আমি। সহকর্মীদের প্রত্যেকে দারুণভাবে সহায়তা করেছেন আমাকে। আমি তাদের ভুলবো না।’
নতুন উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী বলেন, ‘আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিষ্ঠানের সেবা করবো। সবাইকে নিয়ে মিলেমিশে থাকবো। যে দায়িত্ব আমাদের ওপর সরকার অর্পণ করেছে তা পূরণ করার দায়িত্ব আমাদের সবার।’
কুমিল্লা জেলার বিদায়ী উপ-পরিচালক মাহবুবুল করিম বলেন, ‘কুমিল্লাতে কাজ করা অনেক চ্যালেঞ্জিং ছিল। সফলভাবে তা উতরে গেছে আমাদের টিম। এ জন্য সহকর্মীদের কাছে অশেষ কৃতজ্ঞতা।’
কুমিল্লার নতুন উপ-পরিচালক মো. আবুল কালাম বলেন, ‘যেখানে শেষ করেছেন আমার পূর্বসূরি আমাকে শুরু করতে হবে সেখান থেকে। সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে অর্পিত দায়িত্ব পালন করবো আমি।’
চট্টগ্রামের রিজিওনাল কনসালটেন্ট ছেহেলী নার্গিস বলেন, ‘পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে পরিবার নিয়ে। তাই আমরা সবাই এখানে নিজেদের একটি পরিবার হিসেবে ভাবি। এটি আমাদের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়।’
চট্টগ্রামের সহকারী পরিচালক বেগম সাহান ওয়াজ বলেন, ‘ঊর্ধ্বতনদের আন্তরিক সহযোগিতা আমাদের অনেক কঠিন কাজকে সহজ করে দেয়। আশা করছি আমাদের এই কর্ম পরিবেশ থাকবে শেষ দিন পর্যন্ত।’