ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ভাঙ্গায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

ভাঙ্গায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু
×

দুর্ঘটনাস্থল থেকে তোলা- সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০ | ০৬:৪২ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ | ০৯:৩৭

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সৌরভ (২১) ও রাকিব (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কৈডুবি সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল মোল্লার ছেলে এবং রাকিব পৌরসভার কাপুড়িয়া সদরদীর মো. ইউসুফ মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সৌরভ ও রাকিব দুই বন্ধু ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে টেকেরহাট যাচ্ছিল। এ সময় কৈডুবি সদরদী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয় এবং রাকিব গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ আহত রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রাকিবের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সমকালকে বলেন, সৌরবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত রাকিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×