শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক অর্জনও দরকার: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন - ফাইল ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ১১:০৪
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের দারিদ্র্যসীমা গত দশ বছরে ৪২ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এখন আমাদের সব ভালো অর্জন নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক অর্জনও থাকতে হবে।
শনিবার দুপুরে লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে 'অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের' কেন্দ্রীয় পরিষদের দ্বিতীয় সম্মিলন ও জ্ঞানালোক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জ্ঞানচর্চাকারী ও আইন প্রতিষ্ঠাকারী চিরঞ্জীব। বিক্রমপুরে এমন ব্যক্তিত্ব হচ্ছেন জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, প্রধান বক্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন কবি ঝর্ণা রহমান, ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের আহ্বায়ক কবির ভূঁইয়া কেনেডি, বিশিষ্ট নৃত্যশিল্পী ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি লায়লা হাসান, অতিরিক্ত প্রশাসক সাইফুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আবু ইউসুফ ফকির, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, বিক্রমপুর জাদুঘরের কিউরেটর অধ্যাপক মুহম্মদ শাহজাহান মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে জ্ঞানালোক পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের জ্ঞানালোক পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো। ২০১৯ সালের পুরস্কার পান দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। তবে তিনি বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
