ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্ব দিলেন আইনমন্ত্রী

পারস্পরিক আইনি সহায়তা জোরদারে গুরুত্ব দিলেন আইনমন্ত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০২

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে দেশটির বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। সাক্ষাতে আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশটিতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়া এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান রাখার সুযোগ দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি ধন্যবাদ জানান।

সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় তথ্য আদান-প্রদান ও পারস্পরিক আইনি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করেন দুই দেশের মন্ত্রীরা।

এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি উষ্ণ আতিথেয়তা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আইনমন্ত্রী।

সাক্ষাতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×