কক্সবাজারে ৪ লাখ ৬১ হাজার নকল সিগারেট জব্দ
জব্দ করা সিগারেট
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১২:৩৮
কক্সবাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কক্সবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এতে বলা হয়, চকরিয়া, কক্সবাজার সদর ও টেকনাফের হ্নীলা এলাকায় একযোগে নিবারক অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল ব্যান্ডরোল সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, কমিশনারেটের তিনটি পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মার্বেল ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোব্যাকোর নাম পাওয়া গেছে।
রাজস্ব ফাঁকি উদঘাটন, ফাঁকিকৃত রাজস্ব আদায় ও সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
- বিষয় :
- নকল পণ্য
- সিগারেট
- জব্দ
- জাতীয় রাজস্ব বোর্ড