ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

তরুণদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি নিয়ে ভাবতে হবে: রাদওয়ান মুজিব

তরুণদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি নিয়ে ভাবতে হবে: রাদওয়ান মুজিব
×

সোমবার ইউল্যাব 'হাসিনা: এ ডটারস টেল' ডকুড্রামার প্রদর্শনীতে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি: সিআরআই

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১২

বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, তরুণদের চিন্তা-চেতনার সঙ্গে মিল রেখে ইতিহাসকে উপস্থাপন করা উচিত। একই সঙ্গে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ পদ্ধতি কেমন হবে তা নিয়েও সবাইকে ভাবতে হবে।

সোমবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত 'হাসিনা: এ ডটারস টেল' ডকুড্রামার প্রদর্শনীতে এ কথা বলেন তিনি।

ইতিহাসকে তরুণদের কাছে নিয়ে যাওয়া গ্রাফিক নভেল 'মুজিব' ও 'জয় বাংলা কনসার্ট'-এর উদাহরণ টেনে তিনি বলেন, 'আমাদের বুঝতে হবে কিভাবে তরুণদের সঙ্গে যোগাযোগ করা উচিত।'

সোমবার ইউল্যাব 'হাসিনা: এ ডটারস টেল' ডকুড্রামার প্রদর্শনীতে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি: সিআরআই

এ সময় ডকুড্রামার সহ-প্রযোজক হিসেবে নিজের পরিকল্পনা নিয়ে রাদওয়ান মুজিব জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে অনেকের কাছেই উহ্য থাকে যে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এখানে শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে উপস্থাপন ও পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, 'আমার খালার সঙ্গে কথা বলার জন্য আমি ও পিপলু ভাই (ডকুড্রামার পরিচালক) প্রায় ৫ ঘণ্টা অপেক্ষা করেছি। এ সময়ের মধ্যে তিনি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেকর্ডের জন্য আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাকে বলি, ছেলেকে কোলে নিয়েই বের হয়ে আসতে।' 

পাঁচ বছর ধরে কাজ করা ডকুড্রামা 'হাসিনা: এ ডটারস টেল' নির্মাণের শুরুর গল্প এটি।

সোমবার ইউল্যাব 'হাসিনা: এ ডটারস টেল' ডকুড্রামার প্রদর্শনীতে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাদওয়ান মুজিব সিদ্দিক। ছবি: সিআরআই

ইউল্যাবের ২০০ শিক্ষার্থী গভীর মনোনিবেশে এই ডকুড্রামা দেখেন, যেখানে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের অনেক অজানা অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে করা এ আয়োজনে ইউল্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডকুড্রামাটির প্রদর্শনী শেষে রাদওয়ান মুজিব সিদ্দিক ও পিপলু খান মঞ্চে এসে উপস্থিত তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন

×