ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

উৎসাহ-উদ্দীপনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সশস্ত্র বাহিনীর

উৎসাহ-উদ্দীপনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন সশস্ত্র বাহিনীর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১১:৩৫ | আপডেট: ২৬ মার্চ ২০২০ | ০৬:৫৩

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে সেনা, নৌ ও বিমানবাহিনী। দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের সকল সেনানিবাসে নানা অনুষ্ঠানের আয়োজন ছিল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

ঢাকা সেনানিবাসে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে ঢাকা সেনানিবাসের অফিসার, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য এবং অসামরিক ব্যক্তিবর্গ অংশ নেন। র‌্যালিতে জাতির পিতার ছবি এবং তার গুরুত্বপূর্ণ বাণী সংবলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সুসজ্জিত করা হয়। এই দিনে জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে সেনানিবাসগুলোর সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া, তার স্মৃতির স্মরণে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়া সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আলোচনা অনুষ্ঠান, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এছাড়া নৌবাহিনীর সকল ঘাঁটি ও জাহাজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ র‌্যালির আয়োজন করা হয়। এতে নৌবাহিনীর সকল স্তরের সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকরা অংশ নেন।

সকল নৌ অঞ্চলের মসজিদগুলোতে বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। এছাড়া নৌ ঘাঁটিতে বিনোদন কক্ষগুলোতে জাতির পিতার জীবনী ও কর্মকাণ্ডের ওপরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দুপুরে সকল ঘাঁটি ও জাহাজে প্রীতিভোজের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে নৌবাহিনীর সকল ঘাঁটি ও জাহাজে পতাকার মাধ্যমে সজ্জিত করা হয়। সূর্যাস্ত থেকে মধ্যরাত পর্যন্ত প্রধান গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা করা হয়েছে।

দিনটি ঘিরে নানা আয়োজন ছিল বিমানবাহিনীরও। বিমানবাহিনীর ব্যবস্থাপনায় বিমান সদর দপ্তর-সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে র‌্যালির আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিমানবাহিনীর সদস্যরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ র‌্যালিতে অংশ নেন। আনন্দ র‌্যালিটি সকাল ৬টা ৪৫ মিনিটে বিমানবাহিনী ঘাঁটি বাশারের সৌদি কলোনি মাঠ থেকে শুরু হয়ে বিমান সদর ও তার পার্শ্ববর্তী এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালির পরে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার। এ সময় বিমান সদরের পিএসওগণ, বিমানবাহিনী ঘাঁটি বাশারের অধিনায়কসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনা উপস্থিত ছিলেন।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর সকল ঘাঁটি ও তার পার্শ্ববর্তী এলাকায় একযোগে র‌্যালির আয়োজন করা হয়।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল সকাল ১১টার দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আইএসপিআরের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে ঢাকা সেনানিবাসে পুরাতন সদর দপ্তর লগ এরিয়া ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। বছরব্যাপী অনুষ্ঠিতব্য কর্মপরিকল্পনার অংশ হিসেবে মাসব্যাপী মুজিব চর্চায় প্রথম পর্ব উপস্থাপন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের ওপরে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া আইএসপিআরের অফিস ভবন ব্যানার ও বেলুনের মাধ্যমে সুসজ্জিত করা হয়।

আরও পড়ুন

×