মসজিদে জামাত অব্যাহত থাকবে: ইসলামিক ফাউন্ডেশন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৬:৪০
দেশের সব মসজিদে নিয়মিত আজান, ইকামত, জামাত ও জুমার নামাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
দেশের খ্যাতনামা আলেমদের সঙ্গে গত রোববার বৈঠক শেষে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে পাঁচ ওয়াক্ত নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কার্পেট-কাপড় সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জামাত সংক্ষিপ্ত ও মুসল্লিদের অংশগ্রহণ সীমিত থাকার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
৮ ধরনের মুসল্লিদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইফা। করোনা ভাইরাসে আক্রান্ত; সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে আক্রান্ত, আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে যারা এসেছেন, যারা ওইসব মানুষের সংস্পর্শে গিয়েছেন, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বয়োবৃদ্ধ, দুর্বল, মহিলা ও শিশু, অসুস্থদের সেবায় নিয়োজিত এবং যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন তাদেরও মসজিদে না আসার অনুরোধ জানানো হয়েছে।
ইফা আরো বলেছে, যারা জুমা ও জামাতে যাবেন তারা সকলেই যাবতীয় সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করবেন। ওজু করে নিজ নিজ ঘরে সুন্নত ও নফল আদায় করবেন। শুধু জামাতের সময় মসজিদে যাবেন এবং ফরজ নামাজ শেষে দ্রুত ঘরে চলে আসবেন। সাবান দিয়ে বারবার হাত ধোয়া, মাস্ক পরা, জীবাণুনাশক দ্বারা মসজিদ ও ঘরের মেঝে পরিষ্কার রাখাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নির্দেশনা মেনে চলবেন।
মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটিকেও করণীয় সম্পর্কে ৮টি পরামর্শ দেয়া হয়েছে। পরামর্শগুলো হলো- পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদকে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং কার্পেট-কাপড় সরিয়ে ফেলা, জামাত সংক্ষিপ্ত করা; জুমার বয়ান, খুতবা ও দোয়া সংক্ষিপ্ত করা; বর্তমান সংকটকালে দরসে হাদিস, তাফসির ও তা’লীম স্থগিত রাখা; ওযুখানায় অবশ্যই সাবান ও পর্যাপ্ত টিস্যু রাখা; বর্তমান পরিস্থিতিতে জামাতের কাতারে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো; ইশরাক, তিলাওয়াত, জিকির ও অন্যান্য আমল ঘরে করা; ঢাকাসহ দেশের কোনো মসজিদে যদি কোনো বিদেশি অবস্থান করেন তাদের বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করে সত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
সভায় হেফাজতে ইসলামের আমির ও আল জামিয়াতুল দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফি, চট্টগ্রামের আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মুফতি আব্দুল হালীম বোখারী, গওহরডাঙ্গা মাদ্রাসার নাযেমে তা‘লীমাত মুফতি নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মুহাতামিম মুফতি মোবারকুল্লাহসহ আরো অনেক আলেমদের পরামর্শ নেয়া হয়।
আলেমদের নিয়ে সভার সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
- বিষয় :
- ইসলামিক ফাউন্ডেশন
- জামাত
