ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মে থেকে গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমান

মে থেকে গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৬:৩৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২০ | ১১:১৫

মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় এক মাসের বেশি সময় ধরে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশের যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রয়েছে। তবে চীনের সঙ্গে সীমিত পরিসরে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। কিন্তু এ রুটে চলছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন যাত্রীবাহী ফ্লাইট। 

এজন্য আগামী মে মাস থেকে চীনের গুয়াংজুতে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত অনুমতি দিলে চেন্নাই রুটে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক সমকালকে বলেন, 'গুয়াংজুতে আরো আগেই ফ্লাইট চালুর পরিকল্পনা ছিল বিমানের। নানা কারণে সেটি পিছিয়ে গেছে। তবে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। এরপর গুয়াংজুতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি আগামী মে মাসে ফ্লাইট চালু করা যাবে। এ ছাড়া ভারত সরকারের অনুমতি পাওয়া গেলে ঢাকা-চেন্নাই সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা প্রস্তুতি রয়েছে।'

 এ ব্যপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. মোকাব্বির হোসেন সমকালকে বলেন, 'করোনার কারণে বিমান অনেক বড় ক্ষতির মুখে পড়েছে। গত ফেব্রয়ারি মাস থেকেই যাত্রী কমতে শুরু করে। এরপর মার্চ মাস থেকে বিমানের ফ্লাইটও কমতে থাকে। এক পর্যায়ে ১৬টি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট বন্ধ রয়েছে। সব মিলিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ১৫০০ কোটি টাকার আর্থিক চাপে পড়েছে।' 

তিনি আরও বলেন, 'সবকিছু ঠিক থাকলে আগামী মে মাস থেকে চীনের গুয়াংজুর সঙ্গে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি রয়েছে বিমানের।' 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত প্রতি সপ্তাহে গুয়াংজুতে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রতি সপ্তাহে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে তিনটি করা হতে পারে। প্রাথমিকভাবে বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×