ক্ষুদেদের যুক্তি-পাল্টা লড়াই
যশোর প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার ক্রেস্ট নিচ্ছে চ্যাম্পিয়ন দলের সদস্যরা - সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:২১
পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা জরুরি। চূড়ান্ত এ বিষয়ের পক্ষে-বিপক্ষে ক্ষুরধার যুক্তি ও পাল্টা যুক্তিতে তুমুল লড়াইয়ে লিপ্ত হয়েছিল খুদে বিতার্কিকরা। বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের মঞ্চগুলোয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে গতকাল যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার আটটি করে শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
যশোর
স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় যশোর কালেক্টরেট স্কুল। বিজয়ী দলের দলনেতা ইফফাত জামান রায়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। মোস্তফা হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সুকান্ত দাস, বয়োজিদ মাহমুদ অভিসহ বিচারকরা।
কুষ্টিয়া
প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাড়াদি মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের সুমাইয়া সামিয়া।
সুহৃদ সমাবেশের উপদেষ্টা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, সুহৃদ সমাবেশ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক এসএম পারভেজ ও সরকারি কলেজ শাখার সভাপতি ওয়াশ করুনী ফারাবী। মডারেটরের দায়িত্বে ছিলেন লেখক ও গবেষক ইমাম মেহেদী এবং আইনজীবী শামীম রানা।
মেহেরপুর
প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দলনেতা মাহমুদ হাসান দিগন্ত শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
সমকাল সুহৃদ সমাবেশের সদস্য ও বিশিষ্ট বিতার্কিক তানজিমা তাসমীম হক মোহনার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, শাহ্জালাল ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক ওলিয়ার রহমান, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রেজা প্রমুখ।
ঝিনাইদহ
শহরের পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল। রানার্সআপ হয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। সেরা বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা প্রভা দাস। সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি নূরুননাহার মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিজন কুমার সরকার। সমন্বয় করেন দৈনিক সমকালের ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহারিয়ার রহমান রকি।
ঠাকুরগাঁও
প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় আরকে স্টেট উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের মোক্কাদেস হোসেন ইমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও পুরোনো ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক এন্তাজুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। মডারেটরের দায়িত্বে ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি]
- বিষয় :
- চ্যাম্পিয়ন্স ট্রফি
