তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:১৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৩:০২
রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি আগামী ৩ দিন বাড়তে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ রোববার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পূর্বাভাস কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি আগামী ৩ দিন বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি বাড়তে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টি থাকতে পারে এক সপ্তাহ। আজ রোববার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ বা পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।
- বিষয় :
- বিপৎসীমা
