ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘিরে উত্তপ্ত সাত কলেজ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো
সাব্বির নেওয়াজ
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ০৭:৫৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গত রোববার ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনার রেশ শেষ পর্যন্ত কর্মবিরতিতে গড়ায়। শিক্ষকরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর পরিবর্তন এবং বর্তমান প্রশাসকের পদত্যাগের দাবি জানিয়েছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিপক্ষে অবস্থান নিয়ে কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরাও পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন। এ পরিস্থিতিতে সাত কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রণীত খসড়া অধ্যাদেশ অনুযায়ী, সাত কলেজকে এক করে রাজধানীকেন্দ্রিক একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সাত কলেজের শিক্ষকরা বলছেন, কলেজগুলোর স্বকীয়তা ও উচ্চ মাধ্যমিক ধাপ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের মতো কাঠামো গড়া যেতে পারে– তবে বর্তমান খসড়ায় তা উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কাঠামোর পক্ষে থাকলেও ভর্তি, সেশনজট ও স্থানান্তর শঙ্কায় বড় একটি অংশ সংশয়ে রয়েছে।
কী আছে প্রস্তাবে
সূত্র জানায়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা সংক্ষেপে ‘ডিসিইউ’ রাখার প্রস্তাব করা হয়েছে। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শেরেবাংলা কলেজ অন্তর্ভুক্ত থাকবে।

খসড়ায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির স্থলে এসব কলেজের প্রশাসন, পরীক্ষা, পাঠ্যক্রম ও নিয়োগ কার্যক্রম সরাসরি ডিসিইউর আওতায় আসবে। প্রতিটি কলেজ সেমি-অটোনোমাস (আংশিক স্বায়ত্তশাসিত) ইউনিট হিসেবে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় সিনেট ও সিন্ডিকেট থাকবে, যেখানে প্রতি কলেজ থেকে প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে।
তবে উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেণি) রাখার বিষয়ে অধ্যাদেশে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায়, শিক্ষক সমাজে শঙ্কা তৈরি হয়েছে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও মনে করছেন, এই কাঠামো বাস্তবায়িত হলে ঢাকার ভেতরে প্রায় দেড় হাজার কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হতে পারে, যেটি শিক্ষা ক্যাডারের জন্য বড় ধাক্কা।
ঢাকা কলেজের এক অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্ববিদ্যালয় করা মানে শুধু নাম বদল নয়। এর সঙ্গে আসে স্বায়ত্তশাসন, অর্থনৈতিক দায়িত্ব এবং নতুন প্রশাসনিক কাঠামো– যেখানে সাধারণ শিক্ষা ক্যাডারের ভূমিকা থাকবে না। এতে পুরো ক্যাডারই সংকটে পড়বে।
ইডেন কলেজের এক সহযোগী অধ্যাপক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় আমরা একাডেমিক ও প্রশাসনিক মান বজায় রাখতে পারি। নতুন বিশ্ববিদ্যালয় হলে নারী শিক্ষার্থীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত না হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে। সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির আহ্বায়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম বলেন, আমরা চাই আলোচনার মাধ্যমে পুরো বিষয়টির সুষ্ঠু সমাধান হোক।
শিক্ষার্থীদের তিন অবস্থান
শিক্ষার্থীদের মধ্যেও এই প্রস্তাব নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। ঢাকা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের একাংশ বলছে, নিজস্ব বিশ্ববিদ্যালয় হলে প্রশাসনিক জটিলতা কমবে, সেশনজট নিরসনের পাশাপাশি পরীক্ষার সময়সূচি নিয়ন্ত্রণে থাকবে। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অপর একটি অংশের চাওয়া, তাদের ক্যাম্পাস নিয়ে আলাদা পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। তবে ইডেন, বদরুন্নেছা ও বাঙলা কলেজের শিক্ষার্থীর বড় অংশ বলছে, নতুন বিশ্ববিদ্যালয় হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ হারাবেন তারা, যা চাকরি ও বিদেশে উচ্চশিক্ষায় নেতিবাচক প্রভাব ফেলবে।
মন্ত্রণালয়ের অবস্থান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ নিয়ে মতামত জানতে অংশীজনকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকারের সই করা চিঠিতে বলা হয়, আগামী সোমবার বিকেল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে মতবিনিময় সভা হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার।
শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বান
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, খসড়া বিষয়ে ছয় হাজারেরও বেশি মতামত জমা পড়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের কাছ থেকে পাওয়া এসব মতামতের মধ্যে গঠনমূলক পরামর্শের পাশাপাশি কিছু উদ্বেগও প্রকাশ পেয়েছে।
- বিষয় :
- শিক্ষা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
