সরকারি সাত কলেজে কর্মবিরতি পালনের আহ্বান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ২১:৩৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ২১:৪২
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়) সংশ্লিষ্ট সমমানের কোনো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার যে নির্দেশনা দিয়েছে সরকার, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন জানায়, ১৯ নভেম্বর সকাল থেকে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষকেরা ঢাকা কলেজে অবস্থান কর্মসূচি পালন করবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের নামে ষড়যন্ত্র, শিক্ষকদের ওপর প্রশাসনিক হস্তক্ষেপ এবং শিক্ষক সমাজকে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে সাত কলেজের শিক্ষকেরা দীর্ঘদিন ধরেই শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় জরুরি সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষকদের দাবি—ঢাকা কলেজ কর্তৃপক্ষকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। তারা মনে করেন, এতে সাত কলেজের দীর্ঘদিনের স্বাতন্ত্র্য, একাডেমিক স্বাধীনতা ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। এ অবস্থায় সাতটি দাবিতে নতুন দুই দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে—১৮, ১৯ এবং ২০ নভেম্বর ঢাকা’র সরকারি সাত কলেজের সব ধরনের শ্রেণি কার্যক্রম স্থগিত রেখে কর্মবিরতি পালন করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে।
শিক্ষকনেতারা জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট বাতিল এবং সাত কলেজকে পূর্বের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাখার দাবি পুনর্ব্যক্ত করেছে বিসিজেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।
সংগঠনটি অভিযোগ করেছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাত কলেজের একাডেমিক ধারাবাহিকতা বিনষ্টের উদ্দেশ্যে প্রশাসনিকভাবে চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। এতে ছাত্র-শিক্ষক উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করা হয়।
বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষকরা পরিস্থিতি বিবেচনায় সকল স্তরের শিক্ষককে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
