ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জকসু নির্বাচন

ভোট নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি নানা অভিযোগ

ভোট নিয়ে ছাত্রদল  শিবিরের পাল্টাপাল্টি  নানা অভিযোগ
×

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথম ছাত্র সংসদ নির্বাচন, তাই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গতকাল মঙ্গলবার ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে সেই আনন্দই প্রকাশ করেন কয়েকজন শিক্ষার্থী -সমকাল

 সমকাল প্রতিবেদক ও জবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল, ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলসহ বাকিদের পাল্টাপাল্টি অভিযোগে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট পড়েছে ৬৬ শতাংশ। যান্ত্রিক ত্রুটি থাকায় রাত ১২টা পর্যন্ত গণনা শুরু হয়নি। কেন্দ্রীয় সংসদে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯০ জন। গতকাল সরেজমিন দেখা যায়, সকাল ৯টায় ভোট শুরু হলেও উপস্থিতি ছিল অনেক কম। তবে বেলা ১১টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তোলে ছাত্রদলের প্যানেল। ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, একটি নির্দিষ্ট প্যানেল ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশ করলেও শুরুতে তাদের প্যানেলকে সেই সুযোগ দেওয়া হয়নি।

এই অভিযোগের পর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, বিভিন্ন কেন্দ্রে ছাত্রদলের পোলিং এজেন্টরা ভোটারদের প্রভাবিত করেছেন এবং নারী শিক্ষার্থীদের কাছ থেকে শিবির-সমর্থিত স্লিপ জোর করে নেওয়ার ঘটনা ঘটেছে।

ছাত্রশক্তি-সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি বলয় সক্রিয় থেকে ছাত্রদল ও শিবিরকে আলাদাভাবে সুবিধা দিচ্ছে। ফলে নির্বাচন প্রশ্নবিদ্ধ। 

এদিকে, ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল) সংবাদ সম্মেলনে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন অভিযোগ তুলে বলেন, ব্যালট নম্বর ও প্রার্থীদের নামযুক্ত ভোটার স্লিপ নির্বাচন কমিশনের নির্দেশে হয়নি। এটি আচরণবিধির লঙ্ঘন।

শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, নির্বাচনে যে প্যানেল বা প্রার্থী বিজয়ী হবে– শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাকেই গ্রহণ করবে।
এদিন নির্বাচনে ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। মাহিমা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থানের সময় ছাত্রদলের ভাইয়েরা এসে আমাকে হেনস্তা করে। 

তবে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ক্যাম্পাসের ফটক দিয়ে জামায়াতের তিন নারীকর্মী ঢোকার চেষ্টা করছিলেন। সে সময় মাহিমা আক্তার এসে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। 

এদিকে, রাত ৯টা ২০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিচুর রহমান ঘোষণা দেন, কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রয়েছে। এ পরিস্থিতিতে সব প্যানেল, স্বতন্ত্র ভিপি ও জিএসের সঙ্গে উপাচার্যের সভাকক্ষে বৈঠক হয়।
রাত ১১টা ৫০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী জানান, রাত ১২টার পর থেকে ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

আরও পড়ুন

×