আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ
সালাহউদ্দিন আহমেদ
বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তারা সংবিধান মেনেই এ পর্যন্ত এসেছেন। সংবিধান মেনে চলছেন এবং আগামী দিনেও তা মেনে চলার আশা রাখেন। এ ছাড়া জুলাই জাতীয় সনদের প্রতি তারা শতভাগ অঙ্গীকারবদ্ধ। গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি। এর প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ, বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে কয়েকদিন আগে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের বক্তব্য ছিল যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই জাতীয় সংসদে আগে যেতে হবে। সেখানে আলাপ-আলোচনা করতে হবে।
তিনি বলেন, ‘শপথ বাক্য কে পাঠ করাবেন, সেটা নির্ধারিত হবে। তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। জুলাই সনদের প্রত্যেকটা শব্দকে-অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু কোনটা কীভাবে গৃহীত হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন।
- বিষয় :
- সালাহউদ্দিন আহমেদ
