চট্টগ্রামে নগর ব্যবস্থাপনা সহায়তায় অংশীদারিত্ব জোরদার ডাচ রাষ্ট্রদূতের
ছবি : সংগৃহীত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০২:৩৮
টেকসই পানি ও নগর ব্যবস্থাপনায় অংশীদারিত্বকে এগিয়ে নিতে চট্টগ্রাম সফরে গেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জুরিস ভ্যান বোমেল। মজবুত অর্থনৈতিক উন্নয়নের জন্য চক্রাকার পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সমাধানে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে তাঁর এ সফর।
মঙ্গলবার ডাচ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সফরটি নগরের চ্যালেঞ্জগুলো– বিশেষ করে জলাবদ্ধতা, নিষ্কাশন, কঠিন বর্জ্য এবং দূষিত পানি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো মোকাবিলায় সহায়তা করার ক্ষেত্রে নেদারল্যান্ডসের অঙ্গীকারকে তুলে ধরে। এসব সমস্যা ক্রমাগত চট্টগ্রামের বাসযোগ্যতা এবং অর্থনৈতিক প্রাণশক্তিকে প্রভাবিত করছে।
সফরকালে রাষ্ট্রদূত চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিসহ প্রধান সরকারি অংশীজনের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রদূত হালিশহর ল্যান্ডফিল, বিদ্যমান পয়োনিষ্কাশন শোধনাগার এবং নির্বাচিত ড্রেনেজ ও খাল ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোগুলো পরিদর্শন করবেন। এতে তিনি সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সমাধানের প্রতিবন্ধকতা ও সুযোগগুলো সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাচ-বাংলাদেশি কনসোর্টিয়াম কর্তৃক বাস্তবায়িত ‘চট্টগ্রাম কঠিন বর্জ্য ও নিষ্কাশন ব্যবস্থাপনা’ এবং ‘বর্জ্য পানি ব্যবস্থাপনায় চক্রাকার পদ্ধতি’বিষয়ক প্রাক-সম্ভাব্যতা সমীক্ষায় দূতাবাসের সমর্থনের ওপর ভিত্তি করে এই সফর হচ্ছে। এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দূতাবাসের উচ্চাকাঙ্ক্ষাকে তুলে ধরে।
- বিষয় :
- চট্টগ্রাম
- নেদারল্যান্ডস
