নারায়ণগঞ্জের সোনারগাঁ
চিকিৎসাকেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রে ফয়জুল মিয়া (৫৫) নামের এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এভারগ্রিন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফয়জুল মিয়া কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের মেয়ে নুরজাহান আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন। মামলায় মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রের প্রধান পরিচালক সজীব মিয়াসহ সাত-আটজনকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকাসক্ত ফয়জুল মিয়া পালানোর চেষ্টা করলে তাঁকে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যান।
ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম বলেন, তাঁর স্বামীকে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রিন মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার দিয়ে যান। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান তাঁর স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক গোলাম সারোয়ার জানান, ঘটনার পর পুলিশ চিকিৎসাকেন্দ্রে অভিযান চালিয়েছে। ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
যুবদলকর্মীর লাশ মিলল কচুরিপানার নিচে
ঘাটাইলে নিখোঁজের চার দিন পর আমিনুল ইসলাম খান মিন্টু (৪৫) নামে যুবদলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার কাউটেনগর মাছুয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। মিন্টু ছনখোলা আমুয়াবাইদ এলাকার মাস্টারবাড়ি মোড়ের আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
নিহতের বড় ভাই সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, গত রোববার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তার ফোনও বন্ধ পাওয়া যায়। বুধবার রাতে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাউটেনগর এলাকায় মাছুয়া বিলের প্রায় পানিশূন্য ডোবায় কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবীব খান বলেন, ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।
ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
ভোলা শহরের উকিলপাড়ার ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী মো. সোহাগ পলাতক রয়েছেন।
মিতুর মা আয়শা বেগম জানান, সকালে তাঁর মেয়ের জামাই ফোন করে তাঁকে দ্রুত বাসায় যেতে বলেন। তারা গিয়ে বিছানায় মিতুর লাশ দেখতে পান।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা)
- বিষয় :
- হত্যা
