স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বললেন
রিকশার ব্যাটারি চার্জ করতে হবে সৌরবিদ্যুতে
মীর শাহে আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
ব্যাটারিচালিত রিকশা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এসব রিকশার ব্যাটারি চার্জ দিতে হবে সৌরবিদ্যুৎ দিয়ে। নিতে হবে অনুমতিপত্র। এ ছাড়া রাজধানী ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করে রিকশাগুলোর আলাদা রং নির্ধারণ করে দেওয়া হবে। গতকাল সোমবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ ছাড়া অন্যভাবে চার্জ দিলে ব্যাটারি রিকশার নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধন নবায়নও করা হবে না। ব্যাটারি রিকশার জন্য আইন পাস হয়েছে। বিধিমালা তৈরির কাজ চলছে।
তিনি জানান, নিবন্ধনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং জেলা পর্যায়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নিতে হবে। এই সনদ দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট ফি পাবে, যা সরকার নির্ধারণ করে দেবে। ফিটনেস সনদ নিয়ে ট্রাফিক বিভাগে জমা দিতে হবে। সেখান থেকে প্রতিস্বাক্ষর নিয়ে সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দেওয়ার পর নির্ধারিত ফি দিলে নিবন্ধন সম্পন্ন হবে। প্রতিবছর নিবন্ধন নবায়নের ক্ষেত্রে নতুন করে ফিটনেস সনদ নিতে হবে। তিনি আরও জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে ৮টি করে জোন করা হবে। এসব জোনে রিকশাগুলোকে ‘জিওফেন্সিং’এর আওতায় নিয়ে আসা হবে, যাতে এক জোনের রিকশা অন্য জোনে যেতে না পারে।
- বিষয় :
- সৌরবিদ্যুৎ