সিআইডির সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরের যুবলীগ নেতা মনিরকে হত্যা করে ডাকাতরা
নিহত মনির হোসন-ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ১০:৩০
লক্ষ্মীপুরের স্থানীয় যুবলীগ নেতা মনির হোসেনকে ডাকাত দলের সদস্যরা বাসায় ঢুকে খুন করে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ওই হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তারের পর সংস্থাটি এ তথ্য জানায়। সোমবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের কর্মকর্তারা ওই চারজনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন।
গ্রেপ্তার চারজন হলেন- মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, মো. ফারুক ও মো. আইয়ুব। তাদের লক্ষ্মীপুর ও চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মনির হোসেনের হত্যাকাণ্ডের পেছনে ডাকাতির ঘটনা রয়েছে। ব্যাংক থেকে তোলা টাকা লুট করতে ডাকাত দল তার বাসায় ঢোকে এবং একপর্যায়ে তাকে খুন করে। ওই হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
নিহত মনির লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। ১৭ ডিসেম্বর রাতে নিজ বাসায় খুন হন তিনি। ওই সময়ে তার স্ত্রীকে মাথায় আঘাত করা হয়। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে স্বজনরা সন্দেহ করে আসছিলেন।
সোমবার সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিবুল আজিজ জানান, যুবলীগ নেতা মনির হোসেন নিহত হওয়ার আগের দিন ইটভাটায় মাটি সরবরাহের কাজের জন্য ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন। ওই টাকা ঘরে রেখেছিলেন তিনি। বিষয়টি ডাকাত দলের সদস্য কালাম অবগত ছিল। এরপর সে রাতে দলবল নিয়ে টাকা লুট করতে যায়। বাধা দেওয়ায় মনিরের মাথায় রড দিয়ে আঘাত করে খুন করা হয়।
সিআইডির এই কর্মকর্তা বলেন, এখনও ওই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনীতি বা পুরোনো কোনো শত্রুতার যোগসূত্র মেলেনি। ওই বাসা থেকে লুট হওয়া দুই লাখ টাকা, এক ভরি গহনা, নাকফুল ও কানের দুল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই চক্রে ৯ জন রয়েছে। তাদের দলনেতা মামুনুর রশিদ।
- বিষয় :
- যুবলীগ নেতা খুন
- লক্ষ্মীপুর
