ময়মনসিংহের ওষুধ ব্যবসায়ী হত্যা: এক যুগ পর ১০ জনের মৃত্যুদণ্ড
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০১:৪৬ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ওষুধ ব্যবসায়ী মাজহারুল ইসলাম পল্টন হত্যা মামলায় এক যুগ পর ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারির এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী আবু আব্দুল্লাহ ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময়ে পল্টনকে তার ফার্মেসিতে মাথা ও কপালে আঘাত করে খুন করা হয়। এরপর দোকানের ভেতরে বাঁশের খুটির সঙ্গে গামছা দিয়ে লাশ বেঁধে রেখে দোকানে তালা দিয়ে চলে যায় খুনিরা।
এ ঘটনায় পল্টনের বোন বিউটি আক্তার ১ মার্চ নান্দাইল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৩১ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার ওসি জসিম উদ্দিন।
- বিষয় :
- হত্যা
- ফাঁসি
- দ্রুত বিচার ট্রাইব্যুনাল
