মেলায় শামীম আল আমিনের দুই বই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৬
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শামীম আল আমিনের দুটি বই। অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে তার বাছাই করা গল্পের বই ‘আমি তো আছি’। অন্যদিকে প্রকৃতি এনেছে আমেরিকার সমকালীন রাজনীতি নিয়ে লেখা তার বই ‘ইম্পিচমেন্ট ও অন্যান্য’।
চারু পিন্টুর প্রচ্ছদে অনিন্দ্য থেকে প্রকাশিত ‘আমি তো আছি’ বইয়ে ১৫টি বাছাই করা ছোটগল্প রয়েছে।
বইটি সম্পর্কে লেখক বলেন, গল্পগুলোতে সমাজের রুঢ় বাস্তবতা, পরাবাস্তবতা, অলিক কল্পণার আশ্রয় নেওয়া হয়েছে। কখনো নিখাদ প্রেম, কখনো বিরহ। আবার সমাজে ঘটে যাওয়া নিষ্ঠুর ঘটনা উঠে এসেছে গল্পে। বিশ্বজোড়া অস্থিরতার চিত্রও এসেছে।
যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ইম্পিচড বা অভিসংশিত হওয়া ডোনাল্ড ট্রাম্প, তার শাসনামল ও এই সময়ে বৈশ্বিক রাজনীতির বিশ্লেষণ নিয়ে প্রকাশিত হয়েছে শামীমের এবারের দ্বিতীয় বই। ‘ইম্পিচমেন্ট ও অন্যান্য’ বইটিতে আমেরিকাসহ সমকালীন বিশ্ব রাজনীতির কিছু ধারণা পাওয়া যাবে।
