ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বইমেলায় আমীন আল রশীদের ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’

বইমেলায় আমীন আল রশীদের ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’
×

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৯

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবিধানের বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলমান রাজনৈতিক বিতর্ক এবং সেসব নিয়ে নাগরিকদের মনে জমে থাকা প্রশ্নের সমাহার নিয়ে সাংবাদিক আমীন আল রশীদ-এর লেখা বই ‘সংবিধানের রাজনৈতিক বিতর্ক’।

প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য বইটি প্রকাশ করেছে। গ্রন্থমেলায় ঐতিহ্য-এর ১৪ নম্বরে প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে, দাম রাখা হয়েছে ২০০ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ কমিশনে দেড়শো টাকায়।

আমীন আল রশীদ বলেন, সংবিধান জনগণকে প্রজাতন্ত্রের মালিক বললেও জনগণ কখন কীভাবে এই মালিকানার প্রয়োগ করে তা নিয়ে প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এ সম্পর্কিত ইতিহাস ও বিশ্লেষণ দেয়ারও চেষ্টা রয়েছে বইটিতে। জনপ্রতিনিধিরা যে দাবি করেন যে, তারা জনগণের পক্ষে মালিকানা প্রয়োগ করেন, সেটি কতটা যৌক্তিক এবং তারা এই কাজটি করতে গিয়ে যেসব জনবিরোধী কাজ করেন, তার দায়ভার কার ওপর বর্তায়—সেই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইতে। সব মিলিয়ে বইটিতে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি সংবিধানের নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের বিপদগুলো সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

সাংবাদিক আমীন আল রশীদ তার দীর্ঘদিনের সংসদ সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন। এর আগে ২০১১ সালে তিনি ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক’ নামে যে বইটি লিখেছিলেন, সেটি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিলেন আপিল বিভাগ। এরপর ২০১৫ সালে তার লেখা ‘সরকারি বিরোধী দল’ বই প্রকাশ হয়।

আরও পড়ুন

×