ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট

সেরাদের সেরা বুটেক্স

সেরাদের সেরা বুটেক্স
×

টেক্সটাইল ট্যালেন্ট হান্টের এবারের আসর সবার জন্য ছিল একটি নতুন অভিজ্ঞতা

রাতুল সাহা

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৪২

টেক্সটাইল ও পোশাক শিল্পবিষয়ক ম্যাগাজিন ও অনলাইন সংবাদমাধ্যম টেক্সটাইল টুডের উদ্যোগে আয়োজিত হয় টেক্সটাইল ট্যালেন্ট হান্টের নবম আসর। এতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ।

সম্প্রতি  ঢাকার রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে টেক্সটাইল ট্যালেন্ট হান্টের নবম সিজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সামনে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা ও উদ্ভাবন নিয়ে প্রজেক্ট উপস্থাপন করেন। 

সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মধ্য থেকে ১০০ জনকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়, যেখানে তারা নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইনোভেশন মাস্টারমাইন্ড হিসেবে গড়ে তোলেন। এবার ৭টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং তিনটি ক্যাটেগরিতে পুরস্কৃত করা হয়।

ক্যাটেগরিগুলো হলো সেরা প্রজেক্ট, এককভাবে সেরা ও সেরা পোস্টার। সেরা প্রজেক্ট ক্যাটেগরিতে ৩টি দলকে ট্রফি ও চেক দিয়ে পুরস্কৃত করা হয়। এতে প্রথম,  দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে বুটেক্সের শিক্ষার্থীরা। বিজয়ী দলের মধ্যে ছিলেন বায়েজিদ আহম্মেদ, মো. আলিমুল মাহাদি ও মো. মনোওয়ার হাবিব। ১ম রানারআপ দলের মধ্যে ছিলেন মো. আজমাইন ফাইক, মো. রাকিবুল ইসলাম ও নাজমুস সাকিব অয়ন এবং সরোয়ার হোসেন সামি। ২য় রানারআপ দলের মধ্যে ছিলেন মো. আবদুল ওহাব শামস, মো. নাফিস কামাল আলিফ, মোহাম্মদ আব্দুল্লাহ শাহরিয়ার ও শ্যামসুজ্জামান জুয়েল। চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ দল পায় যথাক্রমে দেড় লাখ, এক লাখ ও পঁচাত্তর হাজার টাকা। তাছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে এককভাবে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। এতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস হয় বুটেক্সের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে বুটেক্সের শিক্ষার্থী মো. আবদুল ওহাব শামস এবং জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) শিক্ষার্থী মো. ইমতিয়াজ ইমাম। চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ দল পায় যথাক্রমে এক লাখ, পঁয়তাল্লিশ হাজার ও ত্রিশ হাজার টাকা। সেরা পোস্টার ক্যাটেগরিতে পুরস্কৃত হয় বুটেক্সের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম ও তাঁর দল। চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস বায়েজিদ আহম্মেদ বলেন, ফ্যাক্টরিতে বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শনের সুযোগে আমি এমন কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি যা অ্যাকাডেমিক পাঠ্যক্রমের বাইরে সরাসরি ইন্ডাস্ট্রিতে গিয়েই একমাত্র শেখা সম্ভব। 

এ ছাড়া ক্যারিয়ার-সম্পর্কিত সেমিনার ও সফট স্কিল ট্রেনিং পেয়েছিলাম যা  আমাদের ভবিষ্যৎ পেশাজীবনে কাজে লাগবে। বিজয়ী দলের সদস্য বুটেক্সের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আলিমুল মাহাদি বলেন, টেক্সটাইল ট্যালেন্ট হান্টের এবারের আসর আমার জন্য ছিল একটি নতুন একটি  অভিজ্ঞতা।  কিন্তু এখানে এসে আমি বুঝতে পেরেছি ইন্ডাস্ট্রিতে এসব জ্ঞানের বাস্তব প্রয়োগ কেমন হয় এবং কীভাবে সমাধান করা হয়।  অনুষ্ঠানে বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিনকে এইচ অ্যান্ড ফাউন্ডেশন গ্লোবাল চেইঞ্জ অ্যাওয়ার্ড-২০২৫ অর্জনের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইটিইটির কনভেনর ও টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জি. ইহসানুল করিম কায়সার।

আরও পড়ুন

×