ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্ট চালু
স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধনের সময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৪:৩২
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে টেকসই জ্বালানি ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে একটি আধুনিক স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেছে। সোমবার বায়োগ্যাস বার্নারে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে প্ল্যান্টটির কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী ও প্রকল্পের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. এ. রহিম, এমবেডেড সিস্টেম রিসার্চ সেন্টারের পরিচালক ড. ফিজার আহমেদসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রফেসর ড. এম. এ. রহিম বলেন, ‘এটি শুধু একটি স্থাপনা নয়, বরং একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতীক। এই উদ্যোগ প্রমাণ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
স্মার্ট বায়োগ্যাস প্ল্যান্টটি এমবেডেড সিস্টেম রিসার্চ সেন্টারের পরিচালক ড. ফিজার আহমেদের নেতৃত্বে এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহযোগিতায় বাস্তবায়ন করা হয়েছে। দৈনিক ২০ থেকে ৩০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই প্ল্যান্ট জৈব বর্জ্যকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর করবে। ফলে ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।
ড. ফিজার আহমেদ বলেন, ‘প্ল্যান্টটিতে এমবেডেড সেন্সর ও স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম যুক্ত করা হয়েছে, যা বায়োগ্যাস উৎপাদন প্রক্রিয়াকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলবে। পাশাপাশি এটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি জীবন্ত গবেষণাগার হিসেবেও কাজ করবে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এটি ড্যাফোডিলের বৃহত্তর সবুজ উন্নয়ন পরিকল্পনার অংশ। ভবিষ্যতে সমন্বিত স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পূর্ণাঙ্গ কার্বন-নিরপেক্ষ ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
