ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়

পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

পাবলিক স্পিকিং প্রতিযোগিতা
×
×

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

 জাবেদ ইকবাল 

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ০৯:৫০

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’-এর গ্র্যান্ড ফাইনাল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে নিজের বক্তব্য তুলে ধরার পাশাপাশি অন্যের মতামত, অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান দেখানো জরুরি। মাত্র তিন মিনিটের মধ্যে নিজের বক্তব্য সাবলীলভাবে উপস্থাপন করা একটি চর্চার বিষয়।
তিনি আরও যোগ করেন, পাবলিক স্পিকিং কিংবা বিতর্কে কাউকে হারানোই মূল লক্ষ্য নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশ করাই গুরুত্বপূর্ণ। সফলভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান এবং সব প্রতিযোগী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালটি বাংলা ও ইংরেজি–দুই সেগমেন্টে অনুষ্ঠিত হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিচারকরা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
ফলাফল একনজরে:
ইংরেজি সেগমেন্ট:
প্রথম স্থান: আদিত্য লস্কর ভূমি (ইংরেজি ডিসিপ্লিন)
দ্বিতীয় স্থান: কাজী তানভীর (ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন)
তৃতীয় স্থান: সোহানা খাতুন (ইংরেজি ডিসিপ্লিন)
বাংলা সেগমেন্ট:
প্রথম স্থান: নাহিয়ান আদিব মাহিম (ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন)
দ্বিতীয় স্থান: জিহাদ হোসাইন (সমাজবিজ্ঞান ডিসিপ্লিন)
তৃতীয় স্থান: ফাওজিয়া ফারিয়া জেবা (ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন)

প্রতিযোগিতার বিষয়ে ক্যারিয়ার ক্লাবের ডেপুটি ডিরেক্টর রুকাইয়া আফিয়া নেহা বলেন, নবীন শিক্ষার্থীদের কথা বলার ভয় দূর করা এবং তাদের পাবলিক স্পিকিং ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। প্রাথমিক পর্যায় থেকে বাংলা ও ইংরেজি– দুই সেগমেন্টে ১৬ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই অভিনন্দন পাওয়ার যোগ্য। তারা সবার সামনে দাঁড়িয়ে নিজেদের ডিসিপ্লিনের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করছে।

বাংলা সেগমেন্টে প্রথম স্থান অধিকারী নাহিয়ান আদিব মাহিম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, পাবলিক স্পিকিং এমন একটি দক্ষতা, যা হাতে-কলমে অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া উন্নত করা কঠিন। ক্যারিয়ার ক্লাব Public Speaking চর্চার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, তা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনালে বিচারকের দায়িত্বে ছিলেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, শিক্ষা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. ফজলে রাব্বী এবং লেক্সিকনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোজিবুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এবং প্রভাষক মো. মতিউর রহমান।

আরও পড়ুন

×