ওয়ারীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ১১:৫৬ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ১১:৫৬
রাজধানীর ওয়ারীতে শফিকুল ইসলাম (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওয়ারীর বনগ্রামের আন্ধার গলি এলাকার দিলীপ মাঠে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও নিহতের বন্ধুরা আলাদা তথ্য দিয়েছেন।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার সমকালকে বলেন, ফুটবল খেলা নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। এতে আর কারও সংশ্নিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
এদিকে নিহতের বন্ধুরা বলছেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়। ইমন নামে তার এক বন্ধু হাসপাতালে জানান, বনগ্রাম এলাকায় একটি তামার কারখানায় কাজ করতেন শফিকুল। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা দিলীপ মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় সিয়াম, হাসান ও রিয়াদসহ কয়েকজন গিয়ে শফিকুলের কাছে ৫০০ টাকা চায়। এই টাকা তাদের পাওনা বলেও দাবি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শফিকুলের বুকে ছুরিকাঘাত করেন তারা। পরে পুলিশ সিয়ামসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়।
আবার নিহতের সহকর্মী আবদুল মালেক ফরহাদ বলছেন, সন্ধ্যার পর শফিক নাস্তা খাওয়ার জন্য কারখানা থেকে বেরিয়ে কিছুটা দূরে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে।
তবে স্থানীয় সূত্র বলছে, বনগ্রাম এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা স্থানীয় মাঠে ফুটবল খেলছিলেন। সেই খেলা নিয়েই প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এর জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে হাসপাতালে আনা হয়। পরে এখানেই তার মৃত্যু হয়। ওয়ারী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। হত্যার প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে।
- বিষয় :
- ওয়ারী
- ছুরিকাঘাত
- ছুরিকাঘাতে হত্যা
