ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাজউক নিয়ে টিআইবির অভিযোগ অসত্য: পূর্তমন্ত্রী

রাজউক নিয়ে টিআইবির অভিযোগ অসত্য: পূর্তমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ১০:৫৩

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজউকের বিরুদ্ধে টিআইবি যে অভিযোগ এনেছে, তা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জনবান্ধব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করে বাহবা নেওয়ার চেষ্টা করেছে টিআইবি। 

'রাজউক আর দুর্নীতি সমার্থক'- বুধবার প্রকাশিত টিআইবির এমন গবেষণা প্রতিবেদনের বিষয়ে সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, অনুমানভিত্তিক অভিযোগ এনে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার প্রবণতা থেকে টিআইবিসহ অন্যদের সরে আসতে হবে। সরকারি সব প্রতিষ্ঠানকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার অব্যাহত চেষ্টা চলছে। এরই মধ্যে দৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে, যা সংবাদমাধ্যমেও এসেছে। তিনি বলেন, মন্ত্রণালয়াধীন দপ্তরগুলোতে যেখানেই অনিয়ম পাচ্ছি, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবেই নূ্যনতম দুর্নীতি না থাকে, সে জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

মন্ত্রী আরও বলেন, তিনি মন্ত্রী হওয়ার পর রাজউকে কোনো নিয়োগ হয়নি। শুধু আবেদন গ্রহণ করা হয়েছে। টিআইবি বলেছে, ফ্ল্যাটের চাবি প্রদানের ক্ষেত্রে টাকা দিতে হয়। উত্তরায় ফ্ল্যাট বরাদ্দ অনলাইন পদ্ধতিতে সংবাদকর্মীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বরাদ্দপ্রাপ্তদের চাবি দেওয়া হয়েছে। তিনি বলেন, ভূমির ছাড়পত্র, আমমোক্তারনামার ক্ষেত্রে রাজউকে নির্ধারিত আইন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে অটোমেশন চালু করা হয়েছে। এ ক্ষেত্রে ঘুষের অভিযোগের যৌক্তিকতাই নেই।

গণপূর্তমন্ত্রী বলেন, টিআইবিসহ অন্যদের বলব শুধু অভিযোগ উত্থাপন নয়, সমাধানের জন্য সুনির্দিষ্ট তথ্য দিন। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনিয়মের সঙ্গে জড়িত ৯২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে নতুন দৃষ্টান্ত।

এর আগে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ ম রেজাউল। মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব ইয়াকুব আলী পাটওয়ারী, ড. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×