ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

শাহজালালে ক্লিনারের শরীরে মিলল দেড় কেজি স্বর্ণ

শাহজালালে ক্লিনারের শরীরে মিলল দেড় কেজি স্বর্ণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০১:২৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ক্লিনারের শরীরে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণবার উদ্ধার করেছে এক আনসার সদস্য। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৬৫০ গ্রাম (আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা)। 

মঙ্গলবার ভোর ৪টার দিকে স্বর্ণবারসহ আবু সালেহ মুসা নামের ওই ক্লিনারকে আটকের পর কাস্টমস কর্মকর্তাদের কাছে সোপর্দ করেন আনসার সদস্য শামীম (আইডি নম্বর ৪২/১/৩৬)।

বিমানবন্দরের আনসার ভিডিপি কর্মকর্তা আতিকুর রহমান সমকালকে জানান, শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে ভোর ৪টার দিকে বের হচ্ছিলেন মুসা। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামান শামীম। জেরার এক পর্যায়ে তার শরীর তল্লাশি করে ১৪টি স্বর্ণবার পাওয়া যায়। পরে তাকে বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়।

ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এম মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় ওই ক্লিনারের বিরুদ্ধে মামলার করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস গোডাউনে জমা রাখা হয়েছে।

আরও পড়ুন

×