ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

প্রাণিসম্পদ সুরক্ষায় দেশেই ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ গ্রহণের নির্দেশনা

প্রাণিসম্পদ সুরক্ষায় দেশেই ভ্যাকসিন উৎপাদনের উদ্যোগ গ্রহণের নির্দেশনা
×

ছবি: সৌজন্য

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৮:৩৩

প্রাণিসম্পদ সুরক্ষায় দেশের অভ্যন্তরে ভ্যাকসিন উৎপাদনে দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

সোমবার বিকেলে সচিবালয়স্থ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ৪৩তম পরিচালনা বোর্ড সভায় ইনস্টিটিউটের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‌‘প্রাণিসম্পদ সুরক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ভ্যাকসিন যাতে বাণিজ্যিক ভিত্তিতে দেশে উৎপাদন করা যায় সে ব্যাপারে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রণোদনা দেয়াসহ সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছে। এভাবে আমাদের ভ্যাকসিন আমদানি নির্ভরতা কমে আসবে।’

তিনি বলেন, ‘প্রাণিসম্পদ খাতে গবেষণা যাতে দ্রুত গতিতে এগিয়ে চলে সে ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সকলে মিলে উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করলে এ খাতে অভূতপূর্ব অগ্রগতি অর্জন সম্ভব।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সভাপতিত্বে পরিচালনা বোর্ডের সদস্য ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-২১ এর সংসদ সদস্য মোছা. শামীমা আক্তার খানম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, পরিকল্পনা কমিশনের সদস্য মো. জাকির হোসেন আকন্দ, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান,  বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×