ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৯:০৪

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

দর্শনার্থী পাস ইস্যুর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি প্রদান করা হয়েছে।

সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়: বিভিন্ন দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর লক্ষ্যে একান্ত অপরিহার্য না হলে সচিবালয়ে দৈনিক দর্শনার্থী পাস ইস্যু না করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব ও সমমানের কর্মকর্তারা দিনে সর্বোচ্চ ৫টি পাস ইস্যু করতে পারেন। এ ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবরাও পাস ইস্যু করে থাকেন।

সাপ্তাহিক ছুটির দিন ও পাসবিহীন দিবসে (সোমবার) কোন ধরনের পাস ইস্যু করা হয় না। এর বাইরে অনেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বৈঠকের নোটিশের কপি দেখিয়ে সচিবালয়ে প্রবেশ করে থাকেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিনা পাসে নিজস্ব ড্রেস পরে সচিবালয়ে প্রবেশ করে থাকেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী এবং ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে প্রতিদিন সচিবালয়ে প্রবেশ করে থাকেন। সব মিলিয়ে সচিবালয়ে প্রতিদিন গড়ে প্রায় তিন হাজার দর্শনার্থী প্রবেশ করে থাকেন।

আরও পড়ুন

×