ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শাহজালাল থেকে কোয়ারেন্টাইনে ১৪ প্রবাসী

শাহজালাল থেকে কোয়ারেন্টাইনে ১৪ প্রবাসী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২০ | ০৯:৪৬

গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে ঢাকায় আসা ১৪ প্রবাসী বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজনকে উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে এবং অপর সাতজনকে আশকোনা হজক্যাম্পে রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এবং বুধবার রাতে কাতার, দুবাই, ওমান, কুয়েত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে কয়েকটি বিমানে ঢাকায় আসেন এসব যাত্রী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে পরীক্ষাকালে তাদের সাতজনের শরীরে অতিরিক্ত তাপমাত্রা ধরা পড়ে। এ সময় বিমানবন্দর থেকে তাদের সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

এ ছাড়া কাতার ও টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইউরোপ থেকে ঢাকায় আসেন আরও সাত যাত্রী। এর মধ্যে তিনজন সুইডেন ও চারজন স্লোভানিয়া থেকে আসেন। ইউরোপ থেকে যাত্রী আসার ওপরে নিষেধাজ্ঞা থাকায় তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশে প্রবেশ করেন তারা। তৌহিদ-উল-আহসান আরও বলেন, এই সাত যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আশকোনা হজক্যাম্পের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

পরিচালক বলেন, বিমানবন্দরে অন্য যাত্রীদের মতোই চীনা যাত্রীদের থার্মাল স্ক্যানারে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কোয়ারেন্টাইন অথবা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাভাইরাস মোকাবিলায় বিমানবন্দরের ট্রলি, সিঁড়ি, বসার জায়গা পরিস্কার রাখার জন্য একদল পরিচ্ছন্নতাকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

×