বাড্ডায় ছুরিকাঘাতে তরুণ খুন, কিশোর আহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ১২:৩৭
রাজধানীর বাড্ডার সাঁতারকুলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মমিন নামে আরকে কিশোর।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অপু নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আরিফ ও মমিনের বাসা সাঁতারকুল রোডের পুর্বপদরিয়া এলাকায়। রোববার রাত ৯টার পুর্বপদরদিয়ার সাহাবুদ্দিন মোড়ে আরিফ ও মমিনসহ কয়েকজন কথা বলছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে পাশের পূর্বাচল এলাকার ৭-৮জন তাদের ঘিরে ধরে। এক পর্যায়ে আরিফের বুকে ছুরিকাঘাত করে তারা। মমিন বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরিফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়। মমিনকে ভর্তি করা হয়েছে।
আহত মমিনের বোন বিপাশা বলেন, নিহত আরিফ তার ভাইয়ের পরিচিত। প্রথমে আরিফের ওপর হামলা চালানো হয়। মমিন ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের মমিন চেনে না বলে জানিয়েছে। বিপাশা জানান, মমিনের পেটে ছুরিকাঘাত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, হামলাকারীদের বাসা বাড্ডার পূর্বাচল এলাকায়। তার পাশেই পুর্বপদদিয়া। নিহত আরিফ ও আহত মমিনের বাসা পুর্বপদিয়ায়। দুই এলাকায় যাতায়াত নিয়ে নিহত আরিফসহ তার বন্ধুদের ও হামলাকারীদের মধ্যে কিছুদিন আগে হাতাহাতি হয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। হামলাকারীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
