ঢাবি ছাত্রদলের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৮:০১
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, তিন নেতার মাজার ও দোয়েল চত্ত্বর এলাকায় দেড় শতাধিক দরিদ্র ও দিনমজুরদের মধ্যে এ খাবার বিতরণ করেন সংগঠনের নেতারা। বিতরণ করা খাবারের মধ্যে ছিল মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, ছোলা ইত্যাদি।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাকিবুল ইসলাম রাকিব সমকালকে বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় তারা এ কার্যক্রম শুরু করেছেন। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। এর বাইরে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতেও তারা কাজ করছেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালু করেছেন তারা।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সারাদেশে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্মসূচি পালন করছেন। এর মধ্যে জীবাণু ধ্বংসে বিভিন্ন এলাকায় কেমিক্যাল স্প্রে করছেন সংগঠনটির নেতাকর্মীরা। পাশাপাশি সচেতনতা বাড়ানোর জন্যও কাজ করছেন। অসুস্থদের পাশে থাকার জন্য বিভিন্ন জেলাভিত্তিক টিম গঠন করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
