ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

টোলারবাগে এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল ডিএনসিসি

টোলারবাগে এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিল ডিএনসিসি
×

রোববার টোলারবাগের এক হাজার পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করে ডিএনসিসি। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৯:৫৫

রাজধানীর টোলারবাগে এক হাজার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওই এলাকায় লকডাউনে থাকা প্রায় ৪০০ পরিবারসহ আশপাশের দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় তার সঙ্গে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, আমরা আমাদের ৫৪টি ওয়ার্ডেই খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তবে টোলারবাগ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। সে কারণে এলাকাটি লকডডাউন আছে। কাজেই এলাকাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে টোলারবাগ থেকে এ কার্যক্রম শুরু হলো। লকডাউনে থাকা বাসিন্দারাসহ অন্যরা এ সময়ে কিছুটা হলেও উপকৃত হবেন। এ সংকটকালে জনগণের পাশে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা জানান, প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও এক লিটার করে ভোজ্যতেল বিতরণ করা হয়। টোলারবাগে লকডাউনে থাকা প্রায় ৪০০ পরিবারসহ আশপাশের এলাকার দুস্থ, ছিন্নমূল ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত ওয়ার্ডেও একই পরিমাণে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। তবে এ খাদ্যসামগ্রী পাবেন দুস্থ, অসহায়, ছিন্নমূল, আর্থিকভাবে অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষ- যারা করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা ৫০০ পরিবারের এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররা ১০০ পরিবারের তালিকা প্রণয়ন করবেন। এর মাধ্যমে প্রায় ২৮ হাজার ৮০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে পানির গাড়িতে করে রাজধানীর বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডারমিশ্রিত পানি ও জীবাণুনাশক তরল ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখেছে ডিএনসিসি। রোববারও শেওড়া, মিরপুর ১০, ১৩, ১৪ নম্বর সেকশন, কাফরুল, ইব্রাহিমপুর, টেকনিক্যাল মোড়, সনি সিনেমা হল, রাইনখোলা, চিড়িয়াখানা রোড, কমার্স কলেজ সংলগ্ন এলাকা, মোহাম্মদপুর টাউনহল, রায়েরবাজার, মধুবাগ, মগবাজার, খিলগাঁও, তেজগাঁও, নতুনবাজার, ১০০ ফুট ভাটারা সড়ক ও আশপাশের এলাকায় ৮টি পানির গাড়ির মাধ্যমে ব্লিচিং পাউডারমিশ্রিত জীবাণুনাশক তরল ছিটানো হয়। 

ডিএনসিসি জানায়, মোট ১ লাখ ১০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির ১৬ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় ছিটানো হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে, মসজিদের সামনে মশক নিধনকর্মীরা তরল জীবাণুনাক স্প্রে করেছেন। ৪৩৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে গ্লাভস, মাস্ক, বুট-জুতা বিতরণ করেছে ডিএনসিসি। পাশাপাশি সেনাবাহিনী ও ডিএনসিসির যৌথ সচেতনতামূলক কার্যক্রমও চলেছে। 


আরও পড়ুন

×