'পেটের জন্য রাস্তায় নামছি'
সম্প্রতি মতিঝিল থেকে তোলা। ছবি: কাজল হাজরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ মে ২০২০ | ০৭:৪৫
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির মোড়। রাস্তাজুড়ে সারিবদ্ধ রিকশা। দূর থেকে কাউকে আসতে দেখলে চালকেরা ছুটে যাচ্ছেন। দামাদামি নয়; যেখানে যেতে চান, সেখানেই নিয়ে যাচ্ছেন তারা। বিনিময়ে যাত্রী যা দেন, তা-ই নিচ্ছেন।
মঙ্গলবার বিকেলে ৫২ বছর বয়সী রিকশাওয়ালা অলির কাছে জানতে চাইলাম, 'সবকিছুই তো বন্ধ, তারপরও কেন বের হয়েছেন?' ক্ষোভের সঙ্গে অলি বললেন, 'জানেন না কেন বের অইছি? পেটের জন্য। আপনাগে তো চাকরি আছে। আমাগো কী আছে? পোলা-মাইয়াগো বাঁচাইতে অইবো। এমনি তো দেবেন না। রাইত পোয়াইলেই ২/৩ কেজি চাল লাগে। হেডি কে দিবো?'
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারের পক্ষ থেকে ঘরে থাকার নির্দেশনা আসার পর পাঁচ দিন বের হননি অলি। ক'দিন সংসার কোনোরকম চললেও বাধ্য হয়ে মঙ্গলবার থেকে রিকশা নিয়ে বের হন। কারণ, স্ত্রী-সন্তানরা অভুক্ত।
অলির মতো ঢাকা শহরে লাখ লাখ রিকশাচালক রয়েছেন, যাদের দিন এনে দিন খেতে হয়। তাদের একদিন উপার্জন বন্ধ থাকলে পুরো পরিবারকে উপোস থাকতে হয়। এই দুর্যোগের সময়ও তাদের দেখার কেউ নেই। উপায়ন্তর না দেখে সব বাধাবিপত্তি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার সন্ধানে তারা আবার রাস্তায় নেমেছেন। তবে করোনাভাইরাসের প্রভাবে সব গণপরিবহন বন্ধ থাকায় রাজধানী ঢাকা ফাঁকা হয়ে পড়েছে। যারা 'দিন আনে দিন খায়' তারা কর্মহীন হয়ে পড়ায় দেখা দিয়েছে খাদ্যের সংকট।
কয়েকজন রিকশাচালক জানান, আগে তাদের দৈনিক আয় ৭০০/৮০০ টাকা ছিল। সড়কে যাত্রী না থাকায় এখন আয় সর্বোচ্চ ২০০ টাকা। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১২০ টাকা আয় হয়েছে বলে জানান বরিশালের রিকশাচালক আবদুল হালিম।
মাদারীপুরের মোহাম্মদ আলী পশ্চিম কাফরুলে থাকেন। তিনি বলেন, 'আর কয়দিন বাসায় থাকব। স্ত্রী-সন্তানরা তো না খেয়ে আছে। তাই বাধ্য হয়ে বের হয়েছি। আমরা কোনো সাহায্য পাচ্ছি না। যারা পায়, তারা কমিশনারের লোক।'
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটিতে সবচেয়ে বিপদে পড়েছেন নানা শ্রেণি-পেশার নিম্নআয়ের মানুষ। যারা রাজধানীর বস্তিতে থাকেন ও প্রতিদিনের রোজগারে সংসার চালান, তাদের কষ্টের সীমা নেই। তারা না পারছেন কাজ করতে, না পারছেন খাদ্য সংগ্রহ করতে। রাজধানীর অলিগলিতে অনেক রিকশাচালককে যাত্রী না পেয়ে অলস বসে থাকতে দেখা যায় প্রতিদিনই।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে রিকশাওয়ালা থেকে শুরু করে অনেক ভাসমান শ্রমিক দিন আনে দিন খায়। তাদের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। তবে রিকশা শ্রমিকের সংখ্যা শুধু ঢাকা শহরেই কয়েক লাখ। জাতীয় কোনো দুর্যোগ বা মহামারি দেখা দিলেই তাদের উপার্জন বন্ধ হয়ে যায়।
বরগুনার সোলায়মান নামের আরেক রিকশাচালক জানান, পীরেরবাগ এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। কয়েকদিন ঘরেই ছিলেন, কেউ সাহায্য দেয়নি। মঙ্গলবার থেকে রিকশা নিয়ে বের হয়েছেন তিনি। পুলিশও এখন আর নিষেধ করে না। কারণ তারা বুঝেছে, রিকশা না চালালে তাদের না খেয়ে থাকতে হবে।
১৩ বছর ধরে মিরপুর এলাকায় রিকশা চালান সাহেব আলী। থাকেন আগারগাঁও বিএনপি বস্তিতে। ৬০ বছর বয়সী এই রিকশাচালক কয়েক দিন আগে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় হঠাৎ পড়ে যান। বাঁ পায়ে ব্যথার কারণে কিছুদিন রিকশা চালাতে পারেননি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরবন্দি হয়ে পড়েছিলেন তিনি।