ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তাবলীগ জামাতের শোক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২০ | ১৪:৫৪ | আপডেট: ১৩ জুন ২০২০ | ১৫:০৫
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাবলীগ জামাত বাংলাদেশ।
শনিবার রাতে তাবলীগের একটি অংশের ফয়সাল ও শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
এতে বলা হয়, প্রতিমন্ত্রীর হবার পর থেকে শেখ মো. আবদুল্লাহ ইসলামের, বিশেষ করে বাংলাদেশে চলমান তাবলীগের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যখনই তাবলীগের জোড়, ইজতিমা বা অন্য কোনো বিষয়ে তার সাথে দেখা করতে চেয়েছি; নিজের আরাম, ব্যস্ততা বা স্বাস্থের চিন্তা না করে তিনি সময় দিয়েছেন। ধৈর্য ধরে সমস্যা শুনেছেন, সমস্যা সমাধানে আন্তরিক চেষ্টা করেছেন, পরামর্শ দিয়েছেন।
শোক বার্তায় বলা হয়, তার উদ্যোগে গত বছর তাবলীগের দু’পক্ষ টঙ্গী ময়দানে বিশ্ব ইজতিমায় অংশগ্রহণ করে। দু’পক্ষকে ইজতিমায় শরিক করাতে গিয়ে তিনি যাবতীয় বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করেছিলেন অক্লান্ত পরিশ্রম। আমরা তার সেই অবদান কখনও ভুলবো না।
এতে বলা হয়, ব্যক্তিগত জীবনে যতটুকু দেখেছি, তিনি নামাজী, দ্বীনদার ও পরহেজগার ছিলেন। ছিলেন সদালাপী। আমার ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ভালো বন্ধু, শুভাকাঙ্খী ও সৎ পরামর্শদাতা। বড়ো অতিথিপরায়ন ছিলেন মরহুম শেখ মো. আবদুল্লাহ।
শোক বার্তায় সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহপাক তার পরিবারের সবাইকে সবর করার ও এই শোক সইবার তৌফিক দান করুন। আমাদের জন্যও তাকে ভুলে যাওয়া কষ্টকর হবে। দু’আ করি আল্লাহপাক তাকে ক্ষমা করে দিন।
প্রসঙ্গত, শনিবার রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।