ওয়ারীর লকডাউন এলাকায় করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে: মেয়র তাপস
শেখ ফজলে নূর তাপস- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৮:২৭
ওয়ারী লকডাউন এলাকায় যারা করোনা পরীক্ষা করছেন, তাদের ৫০ শতাংশের মধ্যেই করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমরা দেখেছি নমুনা সংগ্রহের প্রায় ৫০ ভাগের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়ছে। তাই লকডাউন কঠোরভাবে পালন করতে হবে। তাহলে আমরা এলাকাটাকে করোনামুক্ত করতে পারব। তারপর সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা পালন করবো।’
মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত লকডাউন সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। তিনি এলাকাবাসীকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে লকডাউন বাস্তবায়নে সরকারকে সহায়তা করার আহ্বান জানান। খবর বাসসের
মেয়র বলেন, গত তিন দিনে ওয়ারী এলাকায় করোনা সংক্রমণের যে হার দেখেছি সেটা লকডাউনের যৌক্তিকতাকে আরও তুলে ধরেছে।
ব্যারিস্টার তাপস বলেন, ‘আমরা আরও একটু কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে চাচ্ছি। আমরা বুঝি এলাকাবাসীর অনেক সমস্যা হচ্ছে। তাদের জীবিকা নির্বাহসহ ব্যবসা বাণিজ্য ও চলাফেরার অনেক অসুবিধা হচ্ছে। আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সেটা পালন করবেন। এই করোনা মহামারি থেকে বেরিয়ে আসতে হলে যেসব নির্দেশনা ও বিধি দেওয়া হয়েছে, সেগুলো সবাইকে পরিপালন করা খুবই আবশ্যক।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, লকডাউন এলাকার যেসব ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে, সেটা আমলে নিচ্ছি। এ জন্য আমরা প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভা করবো। বিষয়টি কঠোরভাবে পালন করা হবে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য রাজধানী ওয়ারী এলাকার একাংশে লকডাউন চলছে। লকডাউন চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।