ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় বায়ুদূষণ রোধের নির্দেশনা তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট

ঢাকায় বায়ুদূষণ রোধের নির্দেশনা তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
×

ঢাকার বায়ুদূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১৯:৪৩

পাঁচ বছর আগে ঢাকার বায়ুদূষণ রোধে দেওয়া ৯ দফা নির্দেশনা তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাস্তবায়ন নিয়ে আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বায়ুদুষণ রোধ সংক্রান্ত রিটের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রেজাউল হাসান ও উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্টদের এ আদেশ দেন। এসময় দূষণের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত। 

আদেশের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি এদিন আদালতে সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন। পরিবেশের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী মো. শাহজাহান, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী খসরুজ্জামান এবং ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন আইনজীবী মুরশিদ আক্তার।

মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, সম্প্রতি ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এ সংক্রান্ত বিষয়ে আদালতে একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনটি করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী। সেই আবেদনের শুনানি নিয়ে দূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আবেদনের শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালতের নির্দেশনা অনুসারে কিছু পদক্ষেপ গ্রহণ করায় গত বছর ঢাকায় বায়ুর মানের উন্নতি হয়েছিল। কিন্তু বর্তমানে বিবাদীপক্ষ থেকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় দূষণ বেড়েছে। এতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মানুষের ফুসফুসে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এ নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনও গণমাধ্যমে এসেছে।

ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পরের বছর ২০২০ সালের ১৩ জানুয়ারি ৯ দফা নির্দেশনা দেওয়া হয়। 

আরও পড়ুন

×