ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হিন্দু নেতাদের

বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হিন্দু নেতাদের
×

সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো যৌথ সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ২১:৩৬

ইসকনসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচার, হুমকি ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলো। জাতীয় ঐক্য ও শান্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংগঠনগুলোর নেতারা।

সোমবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের প্রধান কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এ সময় তিনটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হচ্ছে– সাম্প্রদায়িক অপতৎপরতায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দেশের সব মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং সামাজিক মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা নিয়ন্ত্রণে কঠোর তদারকি ব্যবস্থা গ্রহণ।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ। লিখিত বক্তব্য উত্থাপন করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

আরও উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কুমার সরকার, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক প্রমুখ। 

লিখিত বক্তব্যে চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ইসকন ও হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যাচার, গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা চালাচ্ছে। এতে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট এবং জাতির ঐক্য বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, সামাজিক মাধ্যমে ইসকনকে জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চলছে। পাশাপাশি ইসকন ভক্তদের বিরুদ্ধে হত্যার হুমকি ও মন্দির ধ্বংসের আহ্বান এবং কর্মস্থলে হয়রানির অপচেষ্টা চলছে। এসব অপপ্রচার মানবকল্যাণমূলক সংগঠন ইসকনকে সন্ত্রস্ত ও কলঙ্কিত করার অপপ্রয়াস মাত্র।

বক্তারা বলেন, ইসকন একটি অরাজনৈতিক, শান্তিপ্রিয় ধর্মীয় সংগঠন, যা সব ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল। যুগ যুগ ধরে ইসকন অহিংসা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার বার্তা প্রচারে নিবেদিত।

আরও পড়ুন

×