ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তামাক নিয়ন্ত্রণে বিনোদন সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান

তামাক নিয়ন্ত্রণে বিনোদন সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ | ২২:৪৫

দেশের নাটক, চলচ্চিত্র ও ওয়েবসিরিজে অপ্রয়োজনে ধূমপানসহ নেতিবাচক দৃশ্য প্রদর্শন বন্ধে আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিনোদনের মাধ্যমে তামাক কোম্পানির প্রচ্ছন্ন প্রচারণা ঠেকাতে দ্রুত ওটিটি নীতিমালা চূড়ান্ত ও প্রয়োগের দাবি করেন বক্তারা।

বুধবার দুপুরে রাজধানীর তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তর, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) যৌথ উদ্যোগে ‘ওরিয়েন্টেশন অন টোব্যাকো কন্ট্রোল ল ফর জার্নালিস্ট: রোল অব এন্টারটেইনিং মিডিয়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণ-যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, তামাকের ক্ষতি রোধে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি। তিনি জানান, ভবিষ্যতে গণ-যোগাযোগ অধিদপ্তরের প্রচার উপাদানে তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আরও কার্যকর প্রচারণা যুক্ত করা হবে। পাশাপাশি সাংবাদিকদের এ বিষয়ে ভূমিকা জোরদারের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তামাকের স্বাস্থ্যঝুঁকি, আইন প্রয়োগ এবং বিনোদন মাধ্যমে আইন লঙ্ঘনের চিত্র নিয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী, ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন এবং মানসের প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত।

বক্তারা বলেন, বর্তমানে কিশোর-তরুণদের বিনোদনের বড় অংশ হয়ে উঠেছে নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্ট। ‘কাহিনির প্রয়োজন’ দেখিয়ে এসব কন্টেন্টে সরাসরি বা পরোক্ষভাবে ধূমপান দৃশ্য শামিল করা হচ্ছে, যা তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন এবং নতুন প্রজন্মকে তামাকে উৎসাহিত করছে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ম্যানেজার ফাহমিদা ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার ডা. ফরহাদুর রেজা।

বক্তারা জানান, সাংবাদিকরা খবর, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং ফলোআপ প্রকাশের মাধ্যমে তামাকের ক্ষতি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে পারেন। পাশাপাশি তামাক আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিনোদন অঙ্গনের সঙ্গে সমন্বয় জোরদার করাও প্রয়োজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানসের সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান। কর্মশালায় জাতীয় গণমাধ্যমে কর্মরত ২৫ জন বিনোদন সাংবাদিক অংশ নেন।
 

আরও পড়ুন

×