ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা

শিল্পকলায় শনিবার মঞ্চস্থ হবে ‘কাশেম মালার প্রেম’

শিল্পকলায় শনিবার মঞ্চস্থ হবে ‘কাশেম মালার প্রেম’
×
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ২২:০৩

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিজয়ের মাসজুড়ে চলছে যাত্রাপালা প্রদর্শনী। দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রাদলের অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হচ্ছে যাত্রাপালা প্রদর্শনী। আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুরের নিউ বঙ্গশ্রী নাট্য সংস্থা মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’। পালাটির পালাকার শামসুল হক এবং নির্দেশনা মো. সুজন মিয়ার। 

শুক্রবার মঞ্চস্থ হয় দুটি যাত্রাপালা– ‘সাগরভাসা’ এবং ‘প্রতিমা বিসর্জন’। বিকেল ৩টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হয় ‘সাগরভাসা’। এটির পালাকার জসিমউদ্দিন এবং নির্দেশনা রাশেদুল হকের। বাগেরহাটের অচিন পাখি নাট্যগোষ্ঠী পালাটি মঞ্চায়ন করে। এতে অভিনয় করেন মনোজ দেবনাথ, জহিরুল ইসলাম, বাবুল শেখ, আ. রশিদ, আ. কাদির, গোলাম মোস্তফা, রাকিবুল ইসলাম, মো. সাগরসহ আরও অনেকে।

সন্ধ্যা সাড়ে ৬টায় একই মঞ্চে পরিবেশিত হয় যাত্রাপালা ‘প্রতিমা বিসর্জন’। এর পালাকার মহাদেব হালদার এবং নির্দেশনা তুষার মল্লিক। সাতক্ষীরার রাধাকৃষ্ণ নাট্য সংস্থা পালাটি মঞ্চায়ন করে।

মাসব্যাপী এ আয়োজনে নিবন্ধিত ৩৬টি যাত্রাদল মোট ৩৬টি যাত্রাপালা মঞ্চস্থ করবে। মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমির রেপার্টরি যাত্রাদল বিশেষ যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ মঞ্চস্থ করবে। 

প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য ১০০ টাকা, যার পুরো আয় সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। একইসঙ্গে প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

আরও পড়ুন

×